বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে লিমা আক্তার (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লিমা নগরীর কাউনিয়া প্রথম গলির লতিফ মিয়ার ভাড়াটিয়া রিকশাচালক কামাল হোসেনের মেয়ে। সে বিসিক শিল্প নগরীতে বেসরকারি সংস্থার ইউসেফ পরিচালিত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে কামাল হোসেন রিকশা চালানোর উদ্দেশে বাসা থেকে বের হয়। এ সময় লিমার মা বাসায় ছিলেন না। পরে দুপুরে লিমার বাবা বাসায় ফিরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লিমার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লিমার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট, ০২ ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর