 |
ঢাকা: বিএসআরএম স্টিলস লিমিটেডের এক উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রি ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডিএসইর সভাপতি রকিবুর রহমান এ তথ্য জানান।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশাররফ এম হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বুধবার এসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, গত সোমবার বিএসআরএম স্টিলের উদ্যোক্তা-পরিচালক এইচ আকবর আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। এর আগেই ২০১০ সালের ঊর্ধ্বমুখী বাজারে এবং ২০১১ সালের পড়তি বাজারেও প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল।
এতে আরও বলা হয়, বিষয়টি ডিএসইর নজরে আসায় ডিএসইর পক্ষ থেকে ঘোষিত শেয়ার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসইসিকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক মার্কেটে বিক্রির অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর