ঢাকা: আর্থিক খাতের বিডি ফাইন্যান্স কোম্পানি তার পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির পরিচালন পর্ষদ এর শেয়ারহোল্ডারদের একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ২৫ টাকা। তবে এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা এসইসি এবং শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর কার্যকর করা হবে।
আগামী ১৩ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ২৯ আগস্ট। রাইট শেয়ার পাওয়ার জন্য পরবর্তীতে আরও একটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর