চাটমোহর (পাবনা): সোমবার পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কের রামনগরে ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে আহত ভ্যানচালক নুরুল ইসলাম (৫০) মারা গেছেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
নিহত নুরুল ইসলামের বাড়ি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া গ্রামে।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে উপজেলার বিলচলন রামনগর এলাকায় ভ্যান ও নসিমনের সংঘর্ষে ভ্যানচালক নুরুল আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে নুরুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
এদিকে, দুর্ঘটনার দুই দিন পার হলেও নসিমনের চালককে আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর