 |
ঢাকা: পাতানো ম্যাচ খেলার ঘটনা তদন্তে ইতালিয়ান সিরি ‘আ’ ক্লাব লাজিওর অধিনায়কসহ দেশটির কয়েকজন শীর্ষ ফুটবলারকে সোমবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ইউরো ২০১২ ক্যাম্পে থাকা জাতীয় দলের ডিফেন্ডার দোমেনিকো ক্রিস্তিকো’র এবং সিরি ‘আ’ বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস কোচ অ্যান্তনিও কন্তেকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
লাজিও’র অধিনায়ক ডিফেন্ডার স্তেফানো মাউরিসহ ফিওরেন্তিনার সাবেক মিডফিল্ডার ওমার মিলানেত্তোকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বার্তাসংস্থা এএনএসএ জানায়, ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আছেন মাউরি ও ওমার।
আটককৃতদের মধ্যে ১০জনই ইতালিয়ান শীর্ষ চারটি ডিভিশনের বর্তমান অথবা সাবেক ফুটবলার। এসব ফুটবলাররা ম্যাচ পাতানোর জন্য সিঙ্গাপুর ভিত্তিক একটি জুয়াড়ি চক্রের কাছ থেকে অর্থ পেতেন বলে সন্দেহ করা হচ্ছে।
ম্যাচ ফিক্সিং ঘটনা তদন্তে প্রায় ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই পুলিশি অভিযান এমন সময়ে হলো যখন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হতে দুই সপ্তাহও হাতে নেই ইতালির।
সোমবারের ব্যাপক পুলিশি অভিযানকে বৃহত্তর তদন্তের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ম্যাচ পাতানো ঘটনা তদন্তে এরই মধ্যে পুলিশি জালে ধরা পড়েছেন দেশটির জাতীয় দলের বেশকিছু সাবেক ও বর্তমান খেলোয়াড়। ম্যাচ পাতানো সম্পর্কিত হাই প্রোফাইল বেশ কিছু মামলা তদন্তে গত বছরের জুনে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্পেশাল ম্যাচ ফিক্সিং টাস্কফোর্স গঠন করে।
গত বছরের আগস্টে সিরি ‘বি’তে ‘ক্যালসিওসকমেস’ কেলেঙ্কারির ঘটনায় সাবেক আতলান্তার অধিনায়ক ও জাতীয় দলের মিডফিল্ডার ক্রিস্তিয়ানো দোনিকে গ্রেফতার করা হয়। ম্যাচ পাতানোর ওই ঘটনায় সংশ্লিষ্টতার কারণে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন দোনি। কেলেঙ্কারির কারণে আগের মৌসুমে সিরি ‘বি’ থেকে সিরি ‘আ’ তে উন্নীত আতলান্তার ছয় পয়েন্ট কেটে নেওয়া হয়।
ম্যাচ পাতানোর ওই ঘটনায় লাজিও ও জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড গিউসেপে সিগনোরিকে পাঁচ বছরের জন্য এবং ১৫ ফুটবলারকে এক থেকে পাঁচ বছর মেয়াদে নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২৮, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস