হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার যশকেশরী গ্রামে বুধবার সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কৃষক আজিজুর রহমান (৩২) যশকেশরী গ্রামের আবু কালামের ছেলে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, বুধবার সকাল ১০টায় ধানের খড় শুকানো নিয়ে আজিজুর রহমানের সঙ্গে প্রতিবেশী সামছুল হকের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সামছুল হক খড় শুকানোর লাঠি দিয়ে আজিজুরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় আজিজুরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি এনামুল হক আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ২৪, ২০১২
প্রতিবেদন: জিয়া উদ্দিন দুলাল /সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর