ঢাকা: ঈদের ছুটিতে শেকড়ে ফিরছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। কেউ কেউ ঢাকায় থাকছেন ঈদ করতে। পরিবারের সদস্যদেরও নিয়ে আসছেন ঢাকায়।
তবে গ্রামের বাড়িতে যাওয়ার সংখ্যাটাই বেশি। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে ফরহাদ রেজা বৃহস্পতিবার রাতে রাজশাহীর ট্রেনে চেপেছেন। আব্দুর রাজ্জাক যাচ্ছেন নতুন বৌকে নিয়ে বাগেরহাটে। নাজুমল হোসেন হবিগঞ্জে বাবা-মা’র কাছে ফিরছেন। অলরাউন্ডার জিয়াউর রহমান খুলনার যাবেন রাতে।
জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ শুক্রবার ময়মনসিংহে ফিরবেন। সাকিব আল হাসানেরও শুক্রবার মাগুরা যাওয়ার কথা রয়েছে। একই দিন মাশরাফি বিন মুর্তজাও যাচ্ছেন নড়াইলে। পেসার শফিউল ইসলাম বগুড়াতে পরিবারের কাছে পৌঁছে গেছেন। ইমরুল কায়েস ঈদ করবেন মেহেরপুরে পরিবারের সঙ্গে। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন তিনি। আবুল হাসান রাজুও মৌলভীবাজার চলে গেছেন।
ঢাকার হাজারিবাগের পৈত্রিক নিবাসে ঈদ করবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। রাজশাহীর জুনায়েদ সিদ্দিকী থাকছেন ঢাকায়। জহুরুল ইসলামও গ্রামের বাড়িতে যাচ্ছেন না। বাবা ঢাকাতে থাকেন। অধ্যপক মা রাজশাহী থেকে চলে আসবেন ঈদ করতে।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং নাসির হোসেন ঈদ করবেন শ্রীলঙ্কায়। সেখানে এসএলপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলছেন এই তিন জন।
বাংলাদশে সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এসএ