 |
| ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: নিজেকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কখনও দাবি করেননি বলে জানিয়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। সোমবার ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রে দুই দিনের ব্যক্তিগত সফর শেষে তিনি সোমবার ভোরে ঢাকায় ফেরেন।
তিনি বলেন, “আমি কখনও বলিনি যে আমি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি কি দায়িত্ব পালন করেছি, এটা দেখার দায়িত্ব দেশবাসীর।”
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের উচিত সেই সঠিক তথ্য দেশবাসীকে জানানো।”
অন্যদিকে নিউইয়র্কে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি সফলভাবে দায়িত্ব পালন করেছি। রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সভায় তিনি এ কথা বলেন।
১৫ সেপ্টেম্বর সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কেন রদবদল, এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “আমাদের যে কাউকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারে। আর আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত।”
তিনি বলেন, “ব্যর্থতার কারণে আমাকে সরানো হয়নি। কারণ আমি আইন-শৃংখলার উন্নয়নে কি কাজ করেছি তা দেশবাসী জানে।”
সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই সাগর-রুনির হত্যাকারীকে খুঁজে বের করা হবে।”
তবে বিমানবন্দরে সাহারাকে স্বাগত জানাতে গিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর সাহারা খাতুনের প্রশংসা করে বলেন, “৭৫ সালের পর থেকে সাহারা খাতুনই সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে যে সকল বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সব বিচার সুষ্ঠুভাবে করা হবে।”
তিনি আরো বলেন, “সংসদীয় গণতান্ত্রিক দেশে যখন তখন মন্ত্রীর রদবদল হতে পারে, কারণ সব মন্ত্রীর সম্মিলিত প্রচেষ্টায় দেশ পরিচালিত হয়। কে কোন দায়িত্ব পেল সেটা বড় কথা নয়।”
বিমানবন্দরে এ সময় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
এমআইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com