লন্ডন: লিভারপুলের বিপক্ষে রোববার ম্যানচেস্টার সিটিকে ২-২ গোলের ড্রয়ে উদ্ধার করলেন সার্জিও আগুয়েরো। কিন্তু দুই পয়েন্ট খোঁয়া যাওয়ায় ম্যানইউকে টপকানোর আশায় কিছুটা ধাক্কা খেল চ্যাম্পিয়নরা।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ও লিভারপুলের ম্যাচটি বেশ বিনোদন দিয়েছে। এডিন জেকোর উদ্বোধনী গোলের পর সাবেক সিটি খেলোয়াড় ড্যানিয়েল স্টুরিজের বিতর্কিত গোলে সমতা ফেরায় অল রেডরা।
শেষ সময়ে স্টিভেন জেরার্ডের দারুণ গোলে লিভারপুলের জয় প্রায় হাতের কাছেই এসেছিল। কিন্তু ভুল করে বসেন অল রেড গোলরক্ষক পেপে রেইনা। ১২ মিনিট বাকি থাকতে বক্সের মধ্যে বল পায়ে রাখা আগুয়েরোকে রুখে দিতে পিছু ছুটতে থাকেন, রেইনাকে হতবাক করে দিয়ে অসম্ভব একটি গোল করে বসেন আর্জেন্টাইন তারকা।
আগুয়েরোর সমতাসূচক গোলে মনে হতে পারে একটি পয়েন্ট অর্জন করতে পারল সিটি। কিন্তু রবার্তো মানচিনি শিষ্যদের জন্য এ ড্র ছোটখাটো ধাক্কা। হাতে এখনো ১৩ ম্যাচ বাকি, তবে শীর্ষে থাকা ম্যানইউর চেয়ে ৯ পয়েন্ট পেছনে পড়ে গেছে ম্যানসিটি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৩ এফএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।