নয়াপল্টন থেকে: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে বিএনপি।
বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, ``রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলায় আমাদের নেতারা জামিনের জন্য আদালতে গিয়েছিলেন। তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যা মামলায় কারাগারে আটক নেতাদের মুক্তি, আদালত চত্বরে সাংবাদিক ও আইনজীবীদের ওপর পুলিশের হামলা ও ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আমরা বাধ্য হয়ে হরতাল দিয়েছি।``
ভারপ্রাপ্ত মহাসচিবসহ উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতা কারাগারে যাওয়ায় বিএনপির হরতাল পালনের সক্ষমতা কমে গেলো কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ``বিএনপি অনেক বড় দল। আমাদের নেতাকর্মীর অভাব নেই। দলের প্রয়োজনে কর্মীরাই নেতা হয়। হরতাল পালনের সামর্থ্য আমাদের আছে।``
এভাবে হরতাল দিয়ে আদালতের বিরুদ্ধাচারণ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন,``‘আদালতের বিরুদ্ধে নয়, যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এ হরতাল।``
``আরো মামলা হলে কি করবেন?``--তাকে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ``অসংখ্য মামলার জন্য আমরা প্রস্তুত আছি।``
সংবাদ সম্মেলনের আগে হরতালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে কর্মীদের বিতণ্ডা:
সংবাদ সম্মেলন শুরুর আগে বসার জায়গা নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও শুরু হয়। শেষে নজরুল ইসলাম খানের অনুরোধে উভয় পক্ষ শান্ত হয়।
হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকেই...
নজরুল ইসলামের সংবাদ সম্মেলনের আগেই হাই কমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ও চট্টগ্রাম মহানগরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়। আর সদ্য কারান্তরীণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের জেলা ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়ে যায় বুধবার বিকেল তিনটা থেকেই।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর