 |
| (ফাইল ফটো) |
ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রোববার ঢাকা, রংপুর ও মাগুরায় পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করেছে।
এ ৩টি অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা মহানগরীর মালিবাগ সুপার মার্কেট, মৌচাক মার্কেট এবং বাংলামটর এলাকায় পরিচালিত অভিযানে আমে ফরমালিন ও ইফতারিতে ভেজাল সনাক্ত করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ফরমালিন মিশ্রিত আম বিক্রির কারণে মানিকের আমের দোকানকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, সংরক্ষণ ও বিতরণের কারণে ক্যাফে মা মনিকে ৫ হাজার টাকা এবং ঢ্যাং ডি লাইয়ন চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফরমালিন মিশ্রিত ২০ কেজি আম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১০ লিটার পোড়াতেল এবং ২০ কেজি জিলাপি ও বুন্দিয়া ধ্বংস করা হয়।
অন্যদিকে, অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মো. কামরুল হাসান ফেরদৌসের নেতৃত্বে রংপুর শহর এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৪টি ইফতারি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অধিদফরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) সৈয়দ রবিউল আলমের নেতৃত্বে মাগুরা জেলা শহরে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অভিযানে বিসিএসআইআর, পরিবেশ অধিদফর, মৎস্য অধিদফর, র্যাব, ক্যাব, ডিএমপি এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করেছে।
বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সাদিক/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর. / সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com