 |
ঢাকা: পদ্মাসেতুর নির্মাণে অনুদান সংগ্রহে তৎপর হচ্ছে সরকার। বিশ্বব্যাংকসহ দাতাদের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ার পর সরকার এদিকে নজর দিচ্ছে।
অনুদান সংগ্রহ জোরদার করতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে শিগগিরই নতুন করে নির্দেশনা দেবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে।
সূত্র বলছে, অনুদানে সাধারণ মানুষকে উৎসাহ দিতে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেবে সরকার।
জানা গেছে, সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষে অনুদান সংগ্রহে তফসিলি ব্যাংকগুলোতে খোলা অ্যাকাউন্ট দুটো সক্রিয় করা হচ্ছে।
মন্ত্রী সংসদে দেওয়া তার বিবৃতিতে বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করা মোটেও অসম্ভব নয়।”
জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর তফসিলি ব্যাংকগুলোর সব শাখায় পদ্মাসেতুর অনুদান নিতে দু’টি হিসাব খোলা হয় গত আগস্ট মাসে। তারপর পার হয়েছে ৬ মাস। অনুদান জমা পড়েছে এক লাখ দুই হাজার ৩৪৫ টাকা। আর বিদেশি হিসাবে জমা পড়েছে এক হাজার ডলার।
এ বিষেয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “সরকার পদ্মার অর্থায়নে সব দিক থেকে চেষ্টা করবে। তার অংশ হিসেবে যে দু’টি হিসাব খোলা হয়েছে তাতে অনুদান দিতে দেশের এবং প্রবাসের সব নাগরিককে উৎসাহ দেওয়া হবে।”
সরকারের পক্ষে উন্মুক্তভাবে অনুদান আহ্বান করা হতে পারে বলেও জানিয়েছে সূত্র।
জানা গেছে, গত বছরের জুনে পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে অনেকেই অভিনন্দন জানান তখন।
গত ৫ আগস্ট অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর পর ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে দু‘টি করে ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এসএআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর