কুমিল্লা: একই সময়ে কুমিল্লার হোমনা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ ও বিএনপি সভা আহ্বান করায় সোমবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় হোমনা শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভা করার ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
এদিকে, ওই একই সময় একই স্থানে বিএনপির সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ার এমপির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল আহমেদ হোমনা শিল্পকলা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার পরিদর্শক জলিল আহমেদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া সভাস্থল ও উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর