ঢাকা: রাতে মামলা হলে রাতেই গ্রেফতার হতে পারেন হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ। এরইমধ্যে বৃহস্পতিবার মাঝরাত পেরিয়ে গেলেও রাত গড়িয়ে ভোর হওয়ার আগেই তার বিরুদ্ধে মামলা হতে পারে বলেই আভাস মিলছে পুলিশ সূত্রে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, “যদি দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে তাহলে একরকম, আর অন্য কেউ মামলা করলে বিষয়টি অন্যরকম। তবে যিনিই মামলা করুন না কেন, রাতে মামলা হলে রাতেই পরবর্তী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি আমাদের আছে।”
এদিকে গোয়েন্দা সূত্র জানিয়েছে, তানভীর মাহমুদের ওপরে সার্বক্ষণিক নজরদারি রেখেছে গোয়েন্দারা। তার মোবাইল ফোনের কললিস্ট ধরেও সতর্ক আছেন তারা।
উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হলমার্ক গ্রুপের নামে প্রায় সাড়ে ৩হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এ মামলা হওয়ার কথা।
তানভীর মাহমুদ ছাড়াও তার স্ত্রী জেসমিন ইসলাম, রূপসী বাংলা হোটেল শাখার উপ-মহাব্যবস্থাপক আজিজুর রহমান, সহ-মহাব্যবস্থাপক সাইফুল হাসান ও কর্মকর্তা আব্দুল মতিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর