যশোর: যশোরে হায়দার আলী (৪৫) নামে এক ট্রাকচালককে খুন করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন একদল দুর্বৃত্ত।
শুক্রবার ভোরে যশোর শহরের পূর্ববারান্দিপাড়া সার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
হায়দার আলী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার আবু তাহেরের ছেলে। তিনি যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় শ্বশুর বাড়িতে থাকতেন।
নিহত হায়দারের শ্বশুর আমির আলী বাংলানিউজকে জানান, ট্রাক চালিয়ে ভোরে হায়দার আলী রিকশাযোগে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময সার গোডাউন এলাকায় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বাংলানিউজকে জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। পুলিশ আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
মিলন রহমান/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর