 |
মাসখানেক আগে মুঠোফোনে প্রকাশ পায় ওয়ারফেজের নতুন একক অ্যালবাম `সত্য`র গানগুলো। এত দিন বাংলালিংকের মিউজিক স্টেশনে ৫৮৫৮ নম্বরে ডায়াল করে গানগুলো শুনেছেন শ্রোতারা। এবার সিডি আকারে এলো `সত্য` অ্যালবামের গানগুলো।
রোববার, সন্ধ্যা ছয়টায় ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এই সিডি প্রকাশিত হয়। অ্যালবামটি এসেছে ডেডলাইন মিউজিকের ব্যানারে। `সত্য` অ্যালবামে গান থাকছে ৯টি।
ব্যান্ডের দলনেতা টিপু বলেন, `আমরা যে ধরনের গান করি, এই অ্যালবামেও তা-ই করেছি। তবে প্রতিটি অ্যালবামেই আমরা সময়ের সঙ্গে মিল রেখে সুর ও সংগীতায়োজনে পরিবর্তন আনি। `
উল্লেখ্য, প্রায় ৯ বছর পর আসছে সম্পূর্ণ মৌলিক গান নিয়ে ওয়ারফেজের `সত্য` অ্যালবামটি। ২০০৯ সালে `পথচলা` নামের একটি অ্যালবাম এসেছিল।
টিপু আরো জানান, পথচলা অ্যালবামে ছিলেন টিপু, কমল, শামস, অনি, রজার ও মিজান। তাঁরা সবাই আছেন `সত্য`তে। সঙ্গে আছেন অতিথি গিটারশিল্পী সামির।
`সত্য` অ্যালবামটি পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক। ওয়ারফেজের প্রথম অ্যালবাম ওয়ারফেজ এসেছিল ১৯৯১ সালে। এরপর পর্যায়ক্রমে বেরিয়েছে অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক, আলো ও মহারাজ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৪,২০১২
এমকে