 |
গায়ক হয়ে ‘রকস্টার’ ছবিতে সফলতার পর বলিউডের ইয়াংক্রেজ রণবীর কাপুরের জনপ্রিয়তা বেড়ে গেছে কয়েকগুণ। সেই জনপ্রিয়তাই যেন তাকে সাহস যুগিয়েছে বলিউড বডিগার্ড সালমানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে।
মেগাহিট ছবি ‘দাবাং’-এ সালমান খানের করা চরিত্র চুলবুল পান্ডের মতোই রনবীর কাপুর হাজির হচ্ছেন নতুন ছবিতে। অনেকেই মনে করছেন, নতুন ছবিতে একই ধরনের চরিত্র বেছে নিয়ে সালমানকে রণবীর চ্যালেঞ্জ জানালেন।
কাপুর পরিবারের বংশধর রনবীর জানেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে টিকে থাকতে হয় , কিভাবে খানদের পেছনে ফেলে সামনে এগোতে হয়। বলিউড ফিল্মে প্রতিযোগিতার এ দৌড়ে খানদের পেছনে ফেলতে নতুন ছবিতে নিত্য নতুন চরিত্রে দেখা যাচ্ছে রণবীরকে।
‘রকস্টার’ ছবিতে গায়ক রণবীর এবার তার নতুন ছবিতে পুরো ভিন্ন চরিত্রে নিজেকে নিয়ে আসবেন ভক্তদের সামনে। পরিচালক অভিনব কাস্সাপের নতুন ছবিতে রণবীর সাজবেন ‘দাবাং’এর চুলবুল পান্ডের বেশে। ছবিটির প্রোডাকশন সূত্রে জানা গেছে, নাম চূড়ান্ত না-হওয়া নতুন এই ছবিতে রাস্তার এক সাহসী বোহেমিয়ান চরিত্রে অভিনয় করছেন রণবীর। অন্যায়ের বিরুদ্ধে ছবিতে তাকে জ্বলে উঠতে দেখা যাবে।
‘দাবাঙ’ ছবির সালমানের দিকে চোখ রাখলে দেখা যায়, তেমনি এক সাহসী চুলবুল পান্ডেকে। চুলবুল পান্ডে ভীতিহীন এক পুলিশ অফিসার। যে সমাজের শক্তিশালী রাজনীতিবিদের ও সমাজ দস্যুদের অপকর্ম উচ্ছেদে সবসময় তৎপর থাকে।
সালমান ও রণবীরের চরিত্র দুটি প্রায় একই ধরনের। সালমানের অভিনয়ে দীর্ঘ অভিজ্ঞতা আর রণবীরের রক্তে অভিনয়ের নেশা দুটি মিলে প্রতিযোগিতাটা ভালই জমবে। তবে তাদের এ প্রতিদ্বন্দ্বিতা তো এবারই প্রথম নয়। প্রেমিকা ক্যাটরিনাকে নিয়েও দুজনের প্রতিদ্বন্দ্বিতা আলোচনায় এসেছে মিডিয়ায়। যদিও রণবীরের ক্যাটরিনা প্রেম খুব বেশীদিন স্থায়ী হয়নি। তাই ক্যাটরিনাকে নিয়ে সালমান-রণবীর লড়াইও স্থায়ীত্ব পায়নি। যাই হোক অভিনয়ে এ প্রতিদ্বন্দ্বিতা অভিনেতা হিসেবে তাদের ক্যারিয়ারে পজেটিভ প্রভাব ফেলবে বলে ধারণা করছেন সমালোচকরা। দেখা যাক, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠার চরিত্রে এবার কে দর্শকদের মন জয় করে!
বাংলাদেশ সময় : ১৫২০, মার্চ ২৭, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক