ঢাকা: এ সময়ের সংগীত শিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ তাদের নতুন প্রয়াস ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ থেকে বুধবার প্রকাশ করছে তাদের স্বনামে অ্যালবাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে এ অ্যালবাম প্রকাশের পাশাপাশি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি কনসার্টেরও আয়োজন করেছেন তারা।
১২.১২.১২ তারিখে ডেডলাইনের ব্যানারে প্রকাশ হবে ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’অ্যালবামটি। এতে গান থাকবে মোট ৭টি। এর মধ্যে ৩টি গান শচীন দেব বর্মনের, ২টি লালনের এবং বাকি ২টি মৌলিক গান।
নতুন এ অ্যালবাম সর্ম্পকে জয় বাংলানিউজকে বলেন, ‘একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা ভেবেছি।
দেশের বাইরে এমন অনেক প্রজেক্ট হলেও আমাদের দেশে নেই। এখানে বিভিন্ন শিল্পীর একসাথে কাজ করাটা মিক্সড অ্যালবাম করা পর্যন্তই। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান হয়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন কিছু ধারাবাহিকভাবে করার চেষ্টায় এই প্রজেক্ট।
আশা করি, পারভেজ ও আমার ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ এর নতুন এ অ্যালবামটি সবার ভালো লাগবে।’
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘন্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমকে/ একেএ