বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান প্রযোজক জামান আলী খান গত ১৫ জুলাই শুক্রবার দুপুরে পাকিস্তানের করাচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
এদেশে টেলিভিশন প্রতিষ্ঠার উষালগ্নে জামান আলী খান দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালিন ডিআইটি ভবনে অবস্থিত টেলিভিশন কেন্দ্র ঢাকাতে যোগদান করেন। স্বাধীনতার পরও বেশ কিছু বছর তিনি বাংলাদেশ টেলিভিশনের উদ্ধর্তন পদের কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি পাকিস্তানে স্থায় হন।
প্রয়াত জামান আলী খান পাকিস্তান টেলিভিশনে (পিটিভি)এর ৫টি কেন্দ্রের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পিটিভি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সাল থেকে তিনি অবসরে যান।
জামান আলী খানের স্ত্রী দেশের প্রখ্যাত টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী জামান রেশমা, ছেলে বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপক ও বর্তমানে এটিএন বাংলার সিনিয়র সংবাদ উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব রাহবার খান, মেয়ে জয়া খান ও পূত্রবধু বিশিষ্ট মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী ফারহানা মিঠুকে নিয়ে ছিল তার পরিবার। হঠাৎ তাঁর মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশে টেলিভিশনের প্রচলনের শুভলগ্নে অসামান্য অবদান রাখেন জামান আলী খান।
বাংলাদেশ সময় ১৮৪০, জুন ১৬, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর