 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: মোহামেডানের আপত্তি থাকলেও ৩১ মে থেকেই পুনরায় প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
সুপার লিগের ছয় ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে সিদ্ধান্ত হয় সিসিডিএম পুনর্গঠন, আবাহনী ও ভিক্টোরিয়ার মধ্যকার খেলা পুনরায় হবে। ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্তগুলো তখন মেনেও নেন ক্লাব প্রতিনিধিরা। কিন্তু পরের দিন মোহামেডান থেকে বলা হয় ইউসুফের ছাড়পত্র অবৈধ ছিলো ঘোষণা না করলে তারা লিগে খেলবে না। যদিও ক্লাব কর্মকর্তাদের বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছিলেন, মামলা না হলে ইউসুফের ছাড়পত্র নিয়ে কোনো কাজ করবে না পুলিশ। বিসিবি কোনো ক্লাবের বিরুদ্ধে মামলা করবে না। সে জন্য ক্রিকেটের স্বার্থে ওই বিষয়ে ছাড় দেওয়া হবে।
পরে অবশ্য বিসিবির সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি করে মোহামেডান। বৃহস্পতিবারের জরুরী সভায় আগের সিদ্ধান্তের অনুমোদন দেওয় হয়। বিসিবি সভাপতি বলেন, ‘যে সব দাবি উঠেছিলো তার কিছু কিছু মেনে নেওয়া হয়েছে। সিসিডিএম সচিব ইকবাল ইউসুফ চৌধুরীকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তিনি আর সিসিডিএমের কোনো কাজ করতে পারবেন না। এখন থেকে সিসিডিএম সমন্বয়ক কাজী আইনুল ইসলাম তিয়াশ ওই দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো গঠতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি হিসেবে ক্রিকেটের স্বার্থে আমি যে সিদ্ধান্ত নিবো সেটাই চূড়ান্ত। লিগ হবে বলে আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেটাই মানা হবে।’
আবাহনী এবং ভিক্টোরিয়া ম্যাচ দিয়ে ফের সুপার লিগের খেলা মাঠে গড়াচ্ছে ৩১ মে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে খেলাটি।
এদিকে মোহামেডানের প্রতিক্রিয়া জানার জন্য ক্লাবের পরিচালক প্রশাসন লোকমান হোসেন ভূঁইয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর