চট্টগ্রাম : বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে রবিউল হোসেন রবি নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
একই সঙ্গে আকবর হোসেন নামে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকেও বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
রবিউল হোসেন রবি নিজেকে দৈনিক ভোরের সময় পত্রিকার ব্যুরো চিফ বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন। অন্যদিকে আকবর হোসেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ছাত্র।
পাঁচলাইশ থানার ওসি আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ‘রবিউল ইসলাম রবি সাংবাদিকতার আড়ালে ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত। তার একটি পেশাদার অপরাধী গ্রæপ আছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। এরপর তার সহযোগীদের গ্রেফতার করবো।’
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চকবাজার এলাকার উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আকবর হোসেনকে কথিত সাংবাদিক রবিউল হোসেন রবির নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়।
তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তোলার পর সন্ত্রাসীরা চোখ বেঁধে ফেলায় কোন স্থানে নিয়ে তাকে রাখা হয়েছে, সেটি দেখতে পাননি আকবর হোসেন। অপহরণের পর রবিউল আকবরের মায়ের মোবাইলে ফোন করে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় রবি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, পুলিশ তার কিছুই করতে পারবে না।
বুধবার সন্ধ্যার দিকে আকবরের মা বিবি আয়েশা পাঁচলাইশ থানার ওসিকে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি জানান।
আকবরের মায়ের কাছ থেকে রবিউলের মোবাইল নম্বর নিয়ে পাঁচলাইশ থানার ওসি তার সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে ওসি আকবরকে ছেড়ে দেওয়ার জন্য রবিকে অনুরোধ করেন।
ওসি আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমি অনুরোধ করার পরও দেখি, রবিউল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আমাকেও শাসানোর চেষ্টা করছেন। এরপর গভীর রাতে আমি কৌশলে মুরাদপুর এলাকায় ভোরের সময় পত্রিকার অফিসের নিচে গিয়ে তাকে আটক করি।’
পুলিশ সূত্র জানায়, আটকের পর রবিউলকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মাধ্যমে সহযোগীদের মোবাইলে যোগাযোগ করে আকবর হোসেনকে ফেরত নেওয়ার ব্যবস্থা করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রবিউলের সহযোগীরা আকবরকে চোখ বাঁধা অবস্থায় নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্ক এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আকবরের মা বিবি আয়েশা বৃহস্পতিবার সকালে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে রবিউলকে চট্টগ্রাম আদালতে পাঠিয়েছে পুলিশ।
অপহরণের শিকার আকবরের বাড়ি স›দ্বীপ উপজেলায়। নগরীর ষোলশহর বিবিরহাট এলাকায় তাদের বাসা। আকবর ওই এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময় : ১৮২৪ ঘণ্টা, মে ০৩, ২০১২
আরডিজি / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর