ঢাকা: রমজানের আগে যুব কর্মসংস্থান সোসাইটি (যুবকের) প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে যুবকের অর্থ আদায় সংগ্রাম কমিটি।
তিনদিনের অনশনে দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকরা।
এর আগে রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন শুরু করেন তারা।
অনশনে কমিটির সদস্যরা বলেন, “যুবকের প্রতারিত গ্রাহকরা এখন নিঃস্ব হয়ে গেছে। সামনে রমজান ও ঈদের আগে মানবিক কারণে হোক আমাদের টাকা ফেরত দিতে হবে।”
অর্থ সংগ্রাম আহ্বায়ক কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস কাজল বাংলানিউজকে বলেন, “৬ বছর ধরে আমাদের পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলে ঘুরছি। কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারেনি।
রোববার থেকে আমরা অনশন করলেও সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মানার ব্যাপারে কেউ যোগাযোগ করেনি।”
তিনি বলেন, “আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকারকর্তৃক গঠিত কমিশন যে প্রতিবেদন দিয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। পক্ষান্তর আমরা জানতে পারলাম, যুবকের প্রতারকরা যুবকের সম্পদ গোপনে বিক্রি করা শুরু করেছে।”
কাজল আরও বলেন, “পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এরইমধ্যে কুমিল্লার জমি, ধানমণ্ডির বাড়ি, মেঘনা সি ফুডস, জে কে হ্যাচারি, যুবক ফোন, যুবক ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড ইত্যাদি বিক্রি করে ফেলেছে।
এ অবস্থায় অনশনকারীরা যুবকের বিষয়টির ব্যাপারে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রতীকী অনশন নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস কাজল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সবুজ প্রমুখ।
বাংলাদেশ সময় ১৮১৫ ঘণ্টা, জুলাই ১৬ ২০১২
এনএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর