ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামাল উদ্দীন মোল্লা (৪০) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সোহাগপুর সিঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের হাবিবুর রহমান হবি মোল্লার ছেলে।
হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, সোমবার দুপরে এলাকার কৃষকরা বিলের মধ্যে একটি গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ‘লাশটি মাঠের মধ্যে পড়ে থাকায় লাশের মুখমণ্ডল ও শরীর বিকৃত হয়ে গেছে। সম্ভবত ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।’
নিহত’র ভাই মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, গত বুধবার রাতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী উপজেলার রাইসা গ্রামে প্রবেশ করে ডাকাতি করে। তাদের বাড়ি থেকেও সোনার গহনা ও ৩/৪টি মোবাইল ফোন সেট লুট করে।
তিনি আরও জানান, যাওয়ার সময় সন্ত্রাসীরা মুক্তিপণের দাবিতে তার ছোট ভাই জামালকে নিয়ে যায়।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা : কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর