 |
চট্টগ্রাম: চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে স্বদেশপল্লী বুটিক হাউজ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর মুরাদপুরে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এ বুটিক হাউজের উদ্বোধন করেন।
বিবি রাসেল বলেন, ‘‘সামাজিকসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে চট্টগ্রাম আলোর পথ দেখিয়ে আসছে। এই বাণিজ্যিক রাজধানীকে বিশ্বে তুলে ধরতে এবং তৃণমূল মানুষের উৎপাদিত সামগ্রী ও সেবার অঙ্গীকার নিয়ে স্বদেশপল্লী যাত্রা শুরু করলো।’’
“আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ ভাণ্ডার ও সংস্কৃতিকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করলাম” বলেও উল্লেখ করেন বিবি রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বদেশপল্লীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশপল্লীর উপদেষ্টা মনোয়ারা বেগম।
লোকজ সংস্কৃতি ও ফ্যাশন জগতের নতুন ভাবনা নিয়ে স্বদেশপল্লীর যাত্রা শুরু। এখানে কারুশিল্পের সামগ্রী, তাঁত ও জামদানি শাড়ি, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, থ্রি-পিছসহ নারী-পুরুষের বিভিন্ন পরিধেয় বস্ত্র ও শিশুদের খেলনা সামগ্রী পাওয়া যাবে বলে জানান সৈয়দ শহীদ উদ্দিন।
পরে শিল্পী উত্তম ঘোষের নির্দেশনায় এক ফ্যাশন শো’র আয়োজন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এমবিএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর