কুষ্টিয়া: কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও জেলা প্রশাসনের সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট শিহাব রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের একাংশের সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন সাগর।
কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত বাণিজ্য মেলার অনুমোদনের সময়কাল থাকতেও জেলা প্রশাসক মেলার অনুমোদন বাতিলের নোটিশ দেওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার কুষ্টিয়া সদর সহকারী জজ আদালতে খন্দকার আল মামুন সাগর কেন এই আদেশ অবৈধ হবে না মর্মে আবেদন করলে বিচারক নাজিমুদ্দৌলা মামলাটি আমলে নিয়ে একদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন (দেওয়ানি মামলা নং-১৭৭/১২)।
মামলার বিবরণে জানা যায়, গত ২৮ মার্চ কুষ্টিয়া প্রেস ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন প্রেসক্লাবের অনুকূলে মাসব্যাপী বাণিজ্য মেলার অনুমোদন দেয়। কিন্তু মেয়াদকাল শেষ হওয়াও আগেই জেলা প্রশাসক মঙ্গলবার মেলা বন্ধের নির্দেশ দেন।
এব্যাপারে জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানিয়েছেন, মেলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা, অশ্লীল নৃত প্রদর্শন ও জুয়া চালানোয় মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তাছাড়া এইচএসসি পরীক্ষায় মধ্যে মেলার আয়োজন করায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেলা বন্ধে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে।
তিনি আরও জানান, মেলায় বেশ কয়েক দফা সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে। ফলে সার্বিক বিষয়টি মাথায় রেখে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
প্রতিবেদন: শরীফ বিশ্বাস
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর