 |
ঢাকা : শনিবার সকাল ১১টায় রাজধানীর লালবাগ থানার আজিমপুর বটতলা থেকে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির তৃতীয় দিন শনিবার খালেদা জিয়ার নগরীর ২১টি স্পটে খাদ্য বিতরণের কথা রয়েছে।
বুধবার কর্মসূচির প্রথম দিন নগরীর ২৩টি স্থানে এবং বৃহস্পতিবার ৩১টি স্পটে খাদ্য বিতরণ করেন খালেদা জিয়া।
এদিকে কুড়িল বিশ্বরোডে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, সাবেক কমিশনার কাজী হযরত আলী, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক মোল্লা, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শহীদুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল হোসেন প্রমুখ।
উত্তরখানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, উত্তরখান থানা বিএনপির আহবায়ক মমতাজউদ্দিন প্রমুখ।
খিলক্ষেত থানার নিকুঞ্জে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা ফজলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময় : ২০১৭ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমএম/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর