20121010021120.gif) |
| ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামী ধনাঢ্য ব্যবসায়ী শাহ সেলিম টিপু এবং তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
অভিযোগপত্র দাখিলের পর বুধবার টিপু ও তার ছেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.হাসানুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, ``অভিযোগপত্র দাখিলের আগে টিপু এবং তার ছেলে হাইকোর্টের অর্ন্তবর্তীকালীন জামিনে নিয়েছিলেন। অভিযোগপত্র দাখিলের পর তারা নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।``
গত ৪ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানাপুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। আগামী ১৮ অক্টোবর এ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন নির্ধারিত আছে।
অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামী হচ্ছেন, শাহ সেলিম টিপু, জুনায়েদ আহমেদ রিয়াদ এবং ধনী পরিবারের তিন সন্তান শাহাদাৎ হোসেন সাজু, শাওন ও ড্যানি।
এদের মধ্যে সাজু আগে থেকেই কারাগারে আছে। আসামী ড্যানি ও শাওন এখনও পলাতক আছেন।
এর আগে গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলায় হিমুকে কুকুর লেলিয়ে নির্যাতন করে সেখান থেকে নিচে ফেলে দেয় অভিজাত পরিবারের কয়েকজন বখাটে যুবক।
গুরুতর আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের ছাত্র ছিলেন।
এ ঘটনায় হিমাদ্রির মামা প্রকাশ দাশ অসিত বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে শাহ সেলিম টিপুকে প্রধান আসামি করে মোট পাঁচ জনকে আসামি করা হয়েছিল। অভিযোগপত্রেও এজাহারভুক্ত পাঁচজনকে আসামী করা হয়।
বাংলাদেশ সময়: ১২ ০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
আরডিজি/টিসি/ জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com