মৌলভীবাজার: বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান ও জাতীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবদল।
শনিবার দুপুর সাড়ে ১২টায় একটি বিক্ষোভ মিছিল শহরের চৌমোহনা চত্বর থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় ইকো ইলেকট্রনিক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, যুবদলের মতিন বকশ্ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে ইলিয়াস আলীকে দলীয় নেতাকর্মী ও তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। তা না হলে আগামী ১০ জুনের পর সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১২
প্রতিবেদন: ফেরদৌস আহমেদ /সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর