 |
ঢাকা: বাঙালি জাতির সব ইতিহাসে বঙ্গবন্ধুর নামের পাশে তার সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিবের নাম উচ্চারিত হওয়া উচিত বলে মনে করেন তার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ছাত্রলীগ এ আলোচনা সভা আয়োজন করে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম প্রমুখ।
তারা বলেন, “যিনি বঙ্গবন্ধুকে নেপথ্যে থেকে সবোর্চ্চ সহযোগিতা করেছেন তিনি হলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামে, সন্তানদের লালন পালন করে শিক্ষিত করে গড়ে তুলে এবং বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও শক্তি দিয়ে তার সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এই নারী। বাঙালি জাতির সব ইতিহাসে বঙ্গবন্ধুর নামের পাশে তার নাম উচ্চারিত হওয়া উচিত।”
প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, “বঙ্গমাতার অবদান সম্পর্কে যতটুকু কথা বলা দরকার ছিল ততটুকু হয়নি। এই মহিয়সী নারীর জীবনী নিয়ে অনেক বড় ধরনের কাজ (গবেষণা) হতে পারতো। তিনি ছিলেন আমাদের প্রতিটি লড়াই ও সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু তার আত্মজীবনীর পাতায় পাতায় তার কথা বলেছেন।”
তিনি আরও বলেন, “বুঝে ওঠার আগ থেকেই তিনি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুকে সারা জীবন নেপথ্যে থেকে সাহায্য করেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিনী। বাঙালি জাতির ইতিহাসে এককভাবে বঙ্গবন্ধুর নাম থাকবে না, তার পাশেই বঙ্গমাতার নাম থাকবে।”
সভায় শিরিন শারমিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর সমস্ত সত্ত্বা জুড়ে রেনুর (ফজিলাতুন নেসার ডাক নাম) জন্য অফুরন্ত ভালোবাসা ছিল। তারও বঙ্গবন্ধুর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। বঙ্গবন্ধুকে ভালোবাসতে গিয়ে নিজের অজান্তেই রাজনীতি ভালোবেসে ফেলেন তিনি। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিলে তিনি তা সমর্থন করতেন।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু কারাগারে থাকার সময় রেনু একদিকে যেমন সংসার সামলেছেন, অন্যদিকে সংগঠনেরও হাল ধরেছিলেন। এই নারীর অনুপ্রেরণা এবং শক্তির জন্যই বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন।”
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এমএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর