ঢাকা: যুব এশিয়া কাপে বাজে পারফরমেন্স হওয়ায় বিশ্বকাপের জন্য খুব তৎপড় হয়ে উঠেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রস্তুতিটা ভালো ভাবে সেরে নেওয়ার চেষ্টা করছে। অবশিষ্ট ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে।
আগামী ১৭, ১৮ ও ২০ জুলাই খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অবশিষ্ট ‘এ’ দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে ২৭ জুলাই বিশ্বকাপের ভেন্যু অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। মূল প্রতিযোগিতায় নামার আগে ব্রিসবেনে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আনামুল হক বিজয়রা। অস্ট্রেলিয়াকে অনুরোধ করে অতিরিক্ত দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পেরেছে বিসিবির গেম ডেভলপমেন্ট।
১ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং ৩ আগস্ট পাপুয়া নিউনিগির বিপক্ষে বিশেষ ব্যবস্থায় দুটি ম্যাচ খেলবে। এছাড়াও আইসিসির ব্যবস্থায় ৭ ও ৮ আগস্ট স্কটল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
অসি কন্ডিশনে যাতে বাংলাদেশ দল যাতে পেস বোলারদের কাজে লাগাতে পারে সেজন্য জাতীয় দলের বোলিং কোচ শেন জার্গনসেনকেও পাশে পাচ্ছে। জাতীয় দলের ইউরোপ সফর শেষে জার্গনসেন সোজা অস্ট্রেলিয়া যাবেন অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের গাইড দেওয়ার জন্য। ৪ আগস্ট পর্যন্ত তিনি যুব দলের পেসারদের নিয়ে কাজ করবেন। ব্রিসবেনে পরিবারের সঙ্গেও থেকে আসতে পারবেন জার্গনসেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এসএ