 |
ঢাকা: মিসরে রাজনৈতিক উত্তরণের ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মিসরের সংসদ বিষয়ে সুপ্রিমকোর্টের রায় এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য মিলিটারি সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির প্রতি আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার সুপ্রিম কাউন্সিলের প্রধান তানতাবির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান প্যানেট্টা।
ফোনালাপে প্যানেট্টা মিসরের রাজনৈতিক উত্তরণের ধারা অব্যাহত রাখার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি যতো দ্রুত সম্ভব নতুন করে সংসদ নির্বাচন আয়োজনের ওপরও গুরুত্ব দিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, প্যানেট্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় তানতাবি একটি স্বাধীন ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেসের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে আগামী ১ জুলাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।
আলোচনায় মিসরে গণতন্ত্রের পথে পূর্ণ এবং শান্তিপূর্ণ উত্তরণের কথা জোর দিয়ে বলেছেন প্যানেট্টা। এসময় দু’জনই মার্কিন-মিসর কৌশলগত সম্পর্কের গুরুত্বের ব্যাপারে একমত হয়েছেন বলে জানায় পেন্টাগন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্বিপাক্ষীক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে আরো এগিয়ে নিতে মিসরে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সামনের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র।
এদিকে একই দিন মিসরের বেসামরিক সরকারের হাতে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, ‘মিসরীয় জনগণের দাবি অনুযায়ী গণতন্ত্রিক উত্তরণের পথে আর পেছনে ফেরার সুযোগ নেই।’
পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মিসরের সুপ্রিমকোর্ট সংসদ ভেঙে দেওয়ার আদেশ দেওয়ায় তারা বিব্রত। এ রায়ের পরবর্তী প্রতিক্রিয়া তারা পর্যবেক্ষণ করছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘আমরা মিসরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি।’
তিনি বলেন, ‘যদি বাস্তবিকপক্ষে শেষ সিদ্ধান্ত হয় নতুন করে পার্লামেন্ট নির্বাচন, তাহলে আমরা আশা করব এটা দ্রুতই করা হবে। আর এতে মিসরীয় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’
উল্লেখ্য, শনিবার মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এতে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি এবং হোসনি মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বৃহস্পতিবার মিসরের নির্বাচিত সংসদ অবৈধ এবং শফিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেয় সুপ্রিমকোর্ট।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুমে এডিটর