 |
ঢাকা: সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা হরতালে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সাধারণ মূল্য সূচক ৪২ পয়েন্ট কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার দর হারিয়েছে।
মঙ্গলবার হরতালের কারণে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে লেনদেনের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এর আগে গত ৪ কার্যদিবস ধরেই সূচক উর্ধ্বমুখী রয়েছে। এ সময়ে ডিএসই’র সাধারণ সূচক বেড়েছে ১৬৮ পয়েন্ট। ফলে যারা পড়তি বাজারে বিনিয়োগ করেছে তারা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেওয়ার সুযোগ নিয়েছে। ফলে সূচকে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত থাকে। দুপুর দেড়টার দিকে সূচক কমে দিনের সর্বনিম্ন অবস্থান ৪ হাজার ১২৭ পয়েন্টে নেমে আসে। এরপর কিছু সময় সূচক উর্ধ্বমুখী হয়ে উঠলেও দিনশেষে তা ৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ১৩৪ পয়েন্টে। মোট আর্থিক লেনদেন হয় ২০২ কোটি ৫৪ লাখ টাকা। সারাদিন লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টি কমেছে ২০০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, এনবিএল, বিএসসিসি, ইউসিবিএল, ওয়ান
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, শ্যামপুর সুগার, ইমাম বাটন, মেঘনা পেট্রোলিয়াম, এফএএস ফাইন্যান্স, আইসিবি ব্যাংক, পিএলএফএসএল, ফার্স্ট লিজ, বার্জার পেইন্টস, ইস্টার্ন ক্যাবলস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩০ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া মোট ১৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৭টি কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। মোট আর্থিক লেনদেন হয়েছে ৪০ কোটি ৫ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
জেএনএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর eic@banglanews24.com