ঢাকা: বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোর মধ্যে প্রথমবারের মতো সাইবার গেমিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ।
আগামী ৩০ জুন ঢাকা ডেন্টাল কলেজ মিলনায়তনে কলেজের চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন এ উদ্যেগকে মিডিয়া পার্টনার হিসেবে উৎসাহ যোগাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশে প্রতি বছর বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও মেডিকেল কলেজগুলোর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজই সর্বপ্রথম এ ধরণের আয়োজন করতে যাচ্ছে।
এই প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আয়োজক কমিটির প্রধান ডা. জ্যোতির্ময় দাস বাংলানিউজকে বলেন “ঢাকা ডেন্টাল কলেজে প্রথমবারের মত এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
সাইবার গেমিং প্রতিযোগিতা আয়োজনে সহযোগীতা করার জন্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এস এম ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক ডাক্তার মোস্তাক সাত্তার পিনু ও সহকারী অধ্যাপক ডাক্তার নাসিরুল ইসলামকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, আমরা পরবর্তীতে বৃহৎ পরিসরে সকল ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে আন্তঃ ডেন্টাল কম্পিউটার গেম প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি।
কলেজের শিক্ষার্থী মলয়, সাকিফ, মাধুরী, অপি, ইসতি, মামুন, মাহতাব, তনিম, আমরিন ও নন্দিতা বাংলানিউজকে বলেন, বর্তমানে সারা বিশ্বে সাইবার গেমিং একটি জনপ্রিয় প্রতিযোগিতামূলক ইভেন্ট। আর মেডিকেল কলেজগুলোর মধ্যে এটাই প্রথম। এই প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। এমন একটি প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীদের মধ্যে সাইবার গেমিং সর্ম্পকে ধারণা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময় ০০০৫ জুন ২৭, ২০১২
এমএন/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর