 |
ঢাকা: রাজনীতিতে আলোচনায় থাকতে চান বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা। তাই আজ শুক্রবার নতুন দল ঘোষণার করছেন তিনি। বিকেল ৫টায় ইম্পেরিয়াল হোটেলে তিনি জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটাবেন।
তার এ নতুন দলে কারা থাকছেন তা না জানালেও ১০১ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে নাজমুল হুদার ঘনিষ্ট সূত্র।
ওই সূত্র আরও জানিয়েছে, মূল স্রোতের বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে টেকা যায় না তা ভালো করেই জানেন নাজমুল হুদা। তাই বড় কোন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে নয়, আলোচনায় টিকে থাকতেই তিনি নতুন দল গঠনের উদ্যোগ নিয়েছেন।
উদাহরণস্বরূপ, মিজানুর রহমান চৌধুরীর আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টি হয়ে ফের আওয়ামী লীগে ফেরত যাওয়া, মহিউদ্দিন আহমেদ ও আব্দুর রাজ্জাকের বাকশাল গড়ে ফের আওয়ামী লীগে ফেরা ইত্যাদি ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছে নাজমুল হুদার ঘনিষ্ঠ লোকজন।
তারা আরও বলছেন, এছাড়া অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী পুরনো দল বিএনপি ছেড়ে বিকল্পধারা গড়ে, কেএম ওবায়দুর রহমান তার পুরনো দল বিএনপি ছেড়ে জনতা দল গড়ে, আনোয়ার হোসেন মঞ্জু নতুন জাতীয় পার্টি করে, ড. কামাল হোসেন আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গড়ে, কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ গড়ে এখন কি পরিণতিতে আছেন তা নাজমুল হুদা ভালোই বোঝেন। তাই তিনি মূলত নিজেকে রাজনীতির আলোচনায় ধরে রাখতেই নতুন দল গড়ছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপি থেকে বহিষ্কার হন ব্যারিস্টার নাজমুল হুদা। চলতি বছরের ২৩ মে দুই নেত্রীকে এক করার আহবান জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। কিন্তু তার আহবানে কাজ না হওয়ায় ৬ জুন তিনি বিএনপি থেকে পাদত্যাগ করেন। ওই দিনই নতুন দল গঠনের ইঙ্গিত দেন ব্যারিস্টার হুদা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যারিস্টার হুদার নতুন দলের সেক্রেটারি বা মহাসচিব হচ্ছেন আবুল কালাম আজাদ। এর আগে কল্যাণ পার্টিসহ আরও কয়েকটি দলে তাকে রাজনীতি করতে দেখা গেলেও বিতর্কিত ব্যক্তি হিসেবেই তার পরিচিতি রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর