 |
ধুম এবং ধুম-২ এর সফলতার পর ইয়াশ রাজ ফিল্মস দর্শকদের জন্য ধুম-৩ উপহার দেওয়ার চিন্তা করছেন। এ ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে ক্যাটরিনা অভিনয় করছেন আমির খানের বিপরীতে। এটা পুরানো খবর।
নতুন খবর হল, সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’ এবং শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ ছবির পর এবার ক্যাটরিনা আমির খানের সঙ্গে বর্তমানে শিকাগোতে শ্যুটিং করছেন ‘ধুম-৩’ সিনেমার।
ক্যাটরিনা সম্প্রতি একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, আগামী মাসে দিল্লীতে ‘ধুম-৩’ সিনেমার শ্যুটিংয়ে অংশ নিবেন।
ক্যাটরিনা বলেন, “আমি আমির খানের সঙ্গে শ্যুটিংয়ে অনেক মজা করব। কারণ, দিল্লীর চৌরী বাজার এবং চাঁদনী চক আমার ভীষণ পছন্দের। আমার ছবি ‘মেরি ব্রাদার কি দুলহান’ ওইসব জায়গায় অভিনয় করেছিলাম। এর আগেও আমির খানের সঙ্গে কাজ করতে অনেক মজা পেয়েছি।”
অপরদিকে, ক্যাটরিনা তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাব তাক হ্যায় জান’ এর বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, “আমি এ ছবির সাফল্যে খুশি নই। কারণ, একটি ছবির সাফল্যের পর যদি ইয়াশ চোপড়া বেঁচে থাকতেন, আমি অনেক খুশি হতাম। কিন্তু যেখানে ইয়াশ নেই, সেখানে এই সাফল্যের পূর্ণতা অপূর্ণ থেকে যায়।”
সূত্র: ওয়ান ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর