ঢাকা: জাম্বিয়ার রাজধানী লুসাকা ও জিম্বাবুয়ের রাজধানী হারারে রুটে দৈনিক ফ্লাইট পরিচালনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে বৃহত্তর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে এমিরেটস্ এয়ারলাইন। ফলে এ দুটি গন্তব্যস্থলে যাত্রী পরিবহন ক্ষমতা বর্তমানের তুলনায় ৫০ শতাংশ বাড়বে ও সপ্তাহে অতিরিক্ত ১৬শ’ যাত্রী আসন পাওয়া যাবে।
বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের যাত্রী পরিবহন ক্ষমতা ৩৫৪। বর্তমানে এ দুটি রুটে ২৩৭ আসন বিশিষ্ট এয়ার বাস এ৩৩০-২০০ উড়োজাহাজ চলাচল করছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১ ফেব্রুয়ারি এমিরেটস দুবাই-লুসাকা-হারারে রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। গত এক বছরে এমিরেটস এ রুটে ৫৫ হাজারেরও বেশি যাত্রী ও ৫ হাজার টনের বেশি মালামাল পরিবহন করেছে।
নতুন উড়োজাহাজ চলাচল শুরু করলে এ রুটে এমিরেটসের কার্গো পরিবহন ক্ষমতা ফ্লাইট প্রতি ২২ শতাংশ বেড়ে ১৮ টনে দাঁড়াবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com