 |
ঢাকা: ‘অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ’ (আটাব)-এর সদস্য পদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির নবায়ন ও রেজিস্ট্রেশন দেওয়া হবে না।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আটাবের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আটাবের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আটাব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাইমেন সালেহ।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদ্যমান ট্রাভেল এজেন্সির মেয়াদ নবায়নের জন্য বা নতুন ট্রাভেল এজেন্সি খোলার জন্য প্রথমে আটাবের সদস্যপদ গ্রহণ করতে হবে। এরপর মন্ত্রণালয় সে এজেন্সির রেজিস্ট্রেশন বা নবায়ন প্রদান করবে।
পর্যটক বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ ও পর্যটন খাতকে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে আটাবের সদস্যপদ, টুরিস্টদের অন-এরাইভেল ভিসা প্রদান, হজ ফ্লাইট এবং ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সের জন্য ‘কোড অব কন্ডাক্ট’ চূড়ান্তকরণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, “ট্যুর অপারেটরদের জন্য ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়ন বিষয়ে মন্ত্রণালয় প্রণীত খসড়া ও আটাব প্রণীত খসড়ার ওপর পর্যালোচনা করে এ মাসের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।”
তিনি বলেন, “এছাড়া স্পর্শকাতর কিছু দেশ ছাড়া সব দেশের জন্য ‘অন-এরাইভেল ভিসা’ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।”
হজযাত্রী প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আপাতত সৌদিয়া এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে সমসংখ্যক হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি তৈরি হলে অন্য এয়ারলাইন্সের বিষয়টি বিবেচনা করা হবে।”
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
এসআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর