 |
ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে গোল উৎসব করেছে মোহামেডান। রোববার আজাদ স্পোর্টিংকে গুনে গুনে ১২টি গোল দিয়েছে সাদাকালো শিবির। আরেক ম্যাচে আবাহনীও কমে ছাড়েনি। সোনালী ব্যাংককে হারিয়েছে ৮-৩ গোলে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরুর পর থেকে গোলের জন্য মরিয়া হয়ে খেলে মোহামেডান। চতুর্থ মিনিটে গোলমুখ খোলেন রাসেল মাহমুদ জিমি। ১৪ মিনিটের খেলায় হ্যাট্রিক পূর্ণ করে ফেলেন জাতীয় দলের এই ফরোয়র্ড। সব মিলে জিমির স্টিক থেকে এসেছে পাঁচ গোল। বাকি সাত গোল করেছেন ছয় জনে।
পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন করেন দুটি গোল (১৭ ও ৩৪ মি.)। উইং ব্যাক মশিউর রাহমান বিপ্লব ৩৭ মিনিটে, শেখ মো. নান্নু ৪৯ মিনিটে, আলমগীর ইসলাম ৫৫ মিনিটে, তাপস বর্মন ৬১ মিনিটে ও ইসতিয়াক আহমেদ ৬৮ মিনিটে একটি করে গোল করেন।
বিকেএসপির কিশোরদের নিয়ে গড়া আজাদ স্পোর্টিংয়ের পক্ষে একমাত্র গোলটি করেন মো. রোমান সরকার ৪৪ মিনিটে।
অপর দিকে সোনালী ব্যাংকের ওপর প্রথম থেকে চড়ে খেলে আবাহনী। দ্বিতীয় মিনিটে মো. জুবায়েরের গোলে এগিয়ে যায়। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির আহমেদ খান। ৯ মিনিটে ইমরানের গোলে ব্যবধান কমায় সোনালী ব্যাংক। ২২ মিনিটে অজিত কুমার ঘোষের গোলে সমতায়ও ফেরে। কিন্তু বিরতির আগে সব ওলটপালট করে দেন আবাহনীর ফরোয়ার্ড ইকবাল নাদির প্রিন্স। ২৬, ২৭ ও ৩৩ মিনিটে তিন গোল করে ব্যবধান ৫-২ এ নিয়ে যান। ৪৭ মিনিটে ব্যাংকের শাহজাদ নাসির একটি গোল শোধ দিলেও আবাহনীর সাব্বির ৬৪ ও ৬৬ মিনিটে দুটি গোল করেন। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে প্রসেনজিৎ ব্যবধান ৮-৩ করে দেন।
সোমবার দিনের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসি খেলবে পুলিশ এসির বিপক্ষে। অপর ম্যাচে আজাদ মুখোমুখি হবে বাংলাদেশ এসসির।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর