ফেনী: ফেনীতে স্বাগতিক সকারের সঙ্গে আবাহনীর মধ্যকার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ উপলক্ষ্যে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত দুই ক্ষুদে দর্শক সাবিক ও নিহাল। অষ্টম শ্রেণীর পড়–য়া সাবিক রহমানের ভাতিজা চতুর্থ শ্রেণীর নিহাল। বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত হয়েছে প্রিয় দলকে সমর্থন জানাতে। উভয়ের একটাই চাওয়া আগামীবারও যেন ফেনী স্টেডিয়ামে খেলতে পারে সকার ক্লাব।
১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ফেনী সকার। সপ্তম স্থানে থাকলেও রেলিগেশন ঝুঁকি রয়ে গেছে দলটির। তাই আবাহনীর বিপক্ষেও পয়েন্ট চাই তাদের। অন্যদিকে লিগে চতুর্থ শিরোপা জয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়তে হচ্ছে আবাহনীতে। সকারের বিপক্ষে লিগের ১৯তম ম্যাচে জয় পেলে শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে শুধু জয় পেলেই চলছে আকাশি-নীলদের। তাই তিন পয়েন্ট পেতেই ফেনীতে উপস্থিত আবাহনী।
স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাবিক রহমান জানালো সকারকে ঘিরে ফেনীর মানুষের ভালবাসার কথা, ‘প্রতিটি ম্যাচেই সকারের খেলা দেখতে মাঠে আসে মানুষ। এটা ফুটবলের শহর। আমাদের স্টেডিয়ামটি ছোট হওয়ায় প্রতিটি ম্যাচে গ্যালারি ছাপিয়ে যায় দর্শকরা। আশেপাশের ভবনগুলোতে দাঁড়িয়ে প্রচুর মানুষ খেলা দেখে। এখানকার সবাই ফুটবল পাগল।’
সমবয়সী দুই ক্ষুদে ফুটবল ভক্ত চাচা-ভাতিজার কাছে জানতে চাওয়া হয়েছিলো ফেনী সকারের কাছে তাদের প্রত্যাশা কী? উত্তরটা সাবিকই দিলো, ‘অন্তত রেলিগেশন থেকে বাঁচুক ফেনী সকার। তাহলে পরের বারও আমরা এ মাঠে সকারের খেলা দেখতে পাবো।’
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর