 |
ঢাকা: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, ‘বর্তমান সরকারের ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফরজে আইন। দেশ ও ইসলামের জন্য আওয়ামী লীগ বিপদ হয়ে দাঁড়িয়েছে। তাদের ক্ষমতা যত দীর্ঘায়িত হবে দেশ, ঈমান ও ইসলামের জন্য ততই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’
বুধবার বিকেলে লালবাগ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু কোরান পরিবর্তনই করছে না, সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়েছে। বিসমিল্লাহর অর্থ বিকৃত করে দুর্গার চরণে নিজেকে সঁপে দিয়েছে। কোরানকে চ্যালেঞ্জ করে আন্তধর্মীয় বিশেষ বিবাহ আইন চালু করেছে।’
আমিনী বলেন, ‘আওয়ামী লীগ সরকার মুখে ইসলামের কথা বললেও প্রকৃত পক্ষে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’
আগামী ২৫ মে দুপুরে বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে অংশ নিতে সবার প্রতি আহবান জানান আমিনী।
সভায় আরও বক্তব্য রাখেন- কমিটির নায়বে আমীর আবদুল লতিফ নেজামী, জহিরুল হক ভূঁইয়া, আবুল কালাম, এরশাদুল্লাহ, মুফতী মুহাম্মদ তৈয়্যব, অধ্যাপক আব্দুল করীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২৩, ২০১২
এডিএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর