ঢাকা: পদ্মা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুইয়াকে বুধবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে বুধবার সকাল দশটায় হাজির হতে রোববার নোটিশ পাঠিয়েছে দুদক। দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে দুদকের নোটিশ হাতে পেয়েছেন সাবেক এ সচিব।
মোশাররফ হোসেন ভুইয়া বর্তমানে সরকারের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র(বিইজেডএ)নির্বাহী চেয়ারম্যান।
সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে তিনি যদি দুদকের প্রধান কার্যালয় ছাড়া অন্য কোথাও জিজ্ঞাসাবাদের জন্য কমিশনে আবেদন করেন তাহলে দুদকের বাইরেও তাকে জিজ্ঞাসাবাদ হতে পারে।
পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের স্বপক্ষে বিশ্বব্যাংক বেশ কিছু তথ্য প্রমাণ দুদককে সরবরাহ করে। সেই সূত্র ধরে এ পর্যন্ত ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জানা গেছে হাইপ্রোফাইলের আরও ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাদের পর দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন তৈরির কাজে হাত দিবে।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত যেসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকে তাদের নামে আলাদা আলাদা ফাইল করা হয়েছে। এসব ফাইলে দুদকের অনুসন্ধান কর্মকর্তা যেসব প্রশ্ন করেছেন এবং দুদকের প্রশ্নের উত্তরে তারা যে উত্তর দিয়েছেন এসবের পূর্ণ বিবরণ রয়েছে।’
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তারা এ পর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করেছেন তাদের বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
যোগাযোগ করা হলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বাংলানিউজকে বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের বিষয়ে দুদকের অনুসন্ধানী টিম যেসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন মনে করেছেন তাদের বেশীরভাগকেই জিজ্ঞাসাবাদ করেছেন। আরও এক বা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলি ও মির্জা জাহিদুল আলম এ পর্যন্ত ১৯ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন।
১৪ জুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ১৯ জুন জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী এবং ২ জুলাই এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে দুদক জিজ্ঞাসাবাদ করা হয়।
৪ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সহকারী প্রকৌশলী মো. গোলাম মর্তুজাকে।
এছাড়া ২২ জুলাই এসএনসি-লাভালিনের তিন সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠান প্রকল্প প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল হাসান খান, বেটস্ কনসালটিং লিমিটেডের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম, ও বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ড. এম এ আজিজকে জিজ্ঞাসাবাদ করা হয়।
২৩ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয় নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান এইকম নিউজিল্যান্ড লিমিটেডের ৩ সাব কনসালট্যান্ট প্রতিষ্ঠান- এসিই কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মোস্তফা, ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে এম রফিক উদ্দিন ও এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আফসার হোসেনকে।
২৪ জুলাই হালক্রো গ্রুপের স্থানীয় সাব এজেন্ট ইঞ্জিনিয়ারিং সায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুল মজিদ ও ওরিয়েন্টাল গ্রুপের স্থানীয় সাব এজেন্ট কেএস কনসালটেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মজিদ ফকির ও ডিইবি কনসালটেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
২৫ জুলাই হালক্রো গ্রুপের আরেকটি লোকাল সাব এজেন্ট ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্স এর এমডি এমএ সোবহান, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নির্বাহী পরিচালক প্রফেসর এম মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
পদ্মাসেতুর মূল্যায়ন কমিটির সদস্য তরুণ তপন দেওয়ান ও মকবুল হোসাইনকে ৩১ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, আগস্ট ০৬, ২০১২
এডিএ/এআর/সম্পাদনা:নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর