 |
ঢাকা: রপ্তানি ও পাট শিল্পের জন্য ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে আরো চারশ’ কোটি টাকা নগদ সহায়তা তহবিল ছাড় করার প্রক্রিয়া চুড়ান্ত করেছে সরকার। এ দফায় রপ্তানি খাতে আরো তিনশ’ কোটি ও পাটজাত শিল্পে আরো একশ’ কোটি টাকা ভতুর্কি দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এই প্রণোদনা ছাড়ের কথা জানিয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে ৪শ’ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সরকারি হিসাবে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দাবির বিপরীতে সরকারের হয়ে এ অর্থ পরিশোধ করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দেশীয় শিল্পকে উৎসাহ দিতে ও রপ্তানি বাড়াতে বিদায়ী (২০১১-১২) অর্থ বছরে দেশীয় বস্ত্র শিল্প, হিমায়িত চিংড়ি, অন্যান্য মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত দ্রব্য, কৃষি ও কৃষি পণ্য, জাহাজ, হোগলা, খড় ও আখের ছোবড়ার পণ্য, আলু, হাড়ের গুঁড়া, পোল্ট্রি শিল্পের হ্যাচিং ডিম ও বাইসাইকেলের ওপর নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
ওই ঘোষণা অনুযায়ী ছাড় করা টাকার ভিত্তিতে হিসাব রক্ষণ অফিস ডেবিট অথরিটি জারি করবে এবং বাণিজ্যিক ব্যাংক থেকে ভর্তুকি দাবির বিপরীতে বাংলাদেশ ব্যাংক সরকারি হিসাব ডেবিট করে রপ্তানি ভর্তুকির অর্থ পরিশোধ করতে পারবে।
এ পরিকল্পনার আওতায় ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেটে পাটজাত খাতে মোট বরাদ্দ ছিল সাড়ে চারশ’ কোটি টাকা। এর মধ্যে ৩শ’ কোটি টাকা আগেই ছাড় করা হয়। বাকি দেড়শ’ কোটি থেকে একশ’ কোটি টাকা আবার ছাড় করতে যাচ্ছে সরকার।
রপ্তানি ভর্তুকি খাতে বরাদ্দ দেওয়া দুই হাজার তিনশ’ কোটি টাকার মধ্যে আগে এক হাজার ৯০০ কোটি টাকা ছাড় করা হয়। নতুন করে আরো ৩০০ কোটি টাকা ছাড় করা হচ্ছে।
তবে এ অর্থ বিতরণে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ বিতরণের বিস্তারিত অর্থ বিভাগে পাঠানোর তাগিদ, ভতুর্কি দেওয়ার পর দাবির চেয়ে বেশি পরিশোধিত হওয়ার প্রমাণ মিললে সেই টাকা আদায় করে সংশ্লিষ্ট গ্রহীতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সতর্কতা, ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে এ বিষয়টি অর্থ বিভাগকে অবহিত করার পরামর্শ ইত্যাদি।
শর্তে আরো বলা হয়, অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধান ও নীতিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে ও অর্থ গ্রহীতাকে বাণিজ্যিক ব্যাংকের কাছে অঙ্গীকার করতে হবে।
এসবেরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ১ম ছ’মাস নির্ধারিত কিস্তিতে পাটজাত দ্রব্যাদি ও রপ্তানি ভর্তুকি খাতে বিতরণ করা অর্থের খাতওয়ারী এবং ব্যাংকওয়ারী হিসাব আগামী ১৫ দিনের মধ্যে অর্থ বিভাগে পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: সাইদ আরমান, সিনিয়র করেসপন্ডেন্ট/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর