ঢাকা : আগামী অর্থ বছরের জাতীয় বাজেটে রেশনিংসহ ৫টি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিকেরা ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন “ বর্তমান অর্থ বছরে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ ছিল না। দেশের গার্মেন্ট শ্রমিকদের দুর্দশা লাঘব এবং উন্নয়নে মালিকদের পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে।”
দাবিগুলো হল- পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, নারী শ্রমিকদের জন্য অধ্যুষিত এলাকায় ১০টি নিরাপদ মাতৃত্বকেন্দ্র স্থাপন, নারী শ্রমিকদের শিশু সন্তান দেখাশুনার জন্য প্রধান গার্মেন্ট শিল্পাঞ্চল এলাকায় ১৫টি শিশু লালন কেন্দ্র স্থাপন, নারী শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা ও শ্রমিকদের জন্য কলোনির ব্যবস্থা।
জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক মানিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১২
এসআইএস/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর