 |
ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে এককভাবে কোম্পানির দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
বুধবার এসইসি’র ৪৪৫তম কমিশন সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর নতুন বোর্ড গঠন করে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা এবং এ সংশ্লিষ্ট রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) কর্তৃক সত্যায়িত করে পারটিকুলার্স অব ডিরেক্টরসের অনুলিপি আগামী ১৫ নভেম্বরের মধ্যে জমা দিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কতোজন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পালনে ব্যর্থ হয়ে কোম্পানির পরিচালক পদ হারিয়েছেন সে বিষয়ে এসইসি’র বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
গত বছরের ২২ নভেম্বর কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের এককভাবে কোম্পানির ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা হয়।
আর এ পরিমাণ শেয়ার ধারণের জন্য ছয় মাস সময় বেঁধে দেয় কমিশন।
সে হিসেবে গত ২২ মে শেয়ার ধারণের সময় শেষ হয়।
এরপর এসইসি’র এক নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ধারণ সংক্রান্ত নিদের্শনা পরিপালনে ব্যর্থ হয়ে যে সকল উদ্যোক্তা পরিচালকের পদ শূন্য হয়েছে তাদের তথ্য দিতে তালিকাভুক্ত ২৩৮টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের নির্দেশ দেয় এসইসি।
এসইসি’র নির্দেশনা অনুসারে ২৩৩টি কোম্পানি নির্ধারিত সময়ে কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত তথ্য জমা দেয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দেওয়া তথ্য অনুসারে চলতি বছরের ২২ মে থেকে ওইসব উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা দিয়েছে এসইসি।
এর আগে কমিশনের ৪৪৪তম সভায় যে সকল উদ্যোক্তা-পরিচালক এসইসি’র নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়েছেন তাদের বিষয়ে প্রাপ্ত তথ্য অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে ৪৪৫তম কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যে ৫টি কোম্পানি উদ্যোক্তা পরিচালক তথ্য দেয়নি তাদের বিষয়ে গত কমিশনের সভায় সরকারি দুই কোম্পানিকে সতর্কিকরণ পত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর বাকি ৩টি কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণ করার সিদ্ধান্তও গৃহীত হয় ওই কমিশন সভায়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর