কুমিল্লা: কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় মঙ্গলবারের হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং কয়েকটি অটোরিকসা ভাঙচুর করেছে।
এ সময় পুলিশ ধাওয়া করে কাটাবিল এলাকা থেকে শিবির কর্মী (সাথী) সামদানীসহ ২ জনকে আটক করে।
সোমবার রাত পৌণে ৯টায় এ ভাঙচুর ও আটকের ঘটনা ঘটে।
আটক গোলাম মোহাম্মদ সামদানী (২১) নগরীর বালুধুম এলাকার মাহবুবুর রহমানের ছেলে। সে শিবিরের সাথী বলে জানা গেছে।
এছাড়াও সে কুমিল্লা জেলার মিষ্টি কমলা নামে একটি সংগঠনের পরিচালক। আটক অপরজনের নাম জানা যায় নি।
স্থানীয় সূত্র জানায়, চকবাজার বেবিস্ট্যান্ড এলাকায় মঙ্গলবারের হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা হঠাৎ করে বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি অটোরিকসা ভাঙচুর করে। এ সময় তারা কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পুলিশ এসে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে কাটাবিল এলাকা থেকে শিবির কর্মী (সাথী) সামদানীসহ ২ জনকে আটক করে।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান রাত সাড়ে ৯টায় বাংলানিউজকে জানান, আটকদের থানায় আনা হয়েছে।
উল্লেখ্য, সোমবার হরতাল চলাকালে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে পুলিশের গুলিতে শিবির কর্মী ইব্রাহীম নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লা জেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর