৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪৫ এএম BDST banglanew24
12 May 2012   05:18:31 PM   Saturday BdST
E-mail this

ফকির ইলিয়াসের ৪টি কবিতা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফকির ইলিয়াসের ৪টি কবিতা

সেফটিপিন

ছেঁড়া শাড়ির নিরাপত্তা সুরক্ষায় আরেকটি সেফটিপিন
গেঁথে দিতে চাইছেন আলপনা মিত্র,
হায়েনার রক্তাক্ত চোখ যেভাবে হরণ করতে চেয়েছিল
জলের আব্রু, তা দেখে ভয় পাচ্ছে নদীও। আর শাদাবকুল
ক্রমশ নীল হতে হতে বুকে পুষছে অনন্ত বেদনা।
 
আমরা যারা এতকাল বেদনাকে ভালোবাসতাম, তারাও
ঘর থেকে বের হতে ভীষণ ভয় পাচ্ছি। এই কালোরাত ঘেরা
গুমের নগরে যেন হার মানছে একাত্তরের পঁচিশে মার্চ।
 
এ শহরে নারীর অশ্রু বার বার ভিজিয়ে দিচ্ছে তারামার্কা
দেয়াশলাই বাক্সের কাঠি। তাই দুষ্প্রাপ্য আলো ও আগুনের জন্য
গ্রাম থেকে গ্রামান্তরে ছুটোছুটি করছে সুবোধ শিশুরা।
ব্যাকুল তৃষ্ণায়,
জল, জল বলে মৃত্যুর সাথে লড়ছেন একজন অগ্রজ।
 

ভাটিয়াল

উজানের উত্থানের কথা ভুলে গেলে ক্রমশই
খসে পড়ে নদীর পোশাক। মানুষের আদিমতার ইতিহাস
জানতো যে প্রতিভাবান বৃক্ষ, তাকে কর্তন করার জন্য
এগিয়ে আসে একটি কুঠার।
 
‘কে কাটে গাছ’— বলে গলাঝাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন
যে বৃদ্ধ, তাকে উঠিয়ে নিয়ে যায় পালিত নাৎসি বাহিনী।
 
মহাযুদ্ধের দামামা নেই, তবু রণেভঙ্গ না দেয়ার খায়েশ নিয়ে
যারা গরম রেখেছে মাঠ, এরা মূলতঃ মধ্যসত্ত্বভোগী।
আর সত্ত্ব এবং সত্তাহীন মানুষেরা তাদের হাতের পুতুল !
 
যেসব পৌত্তলিক ভোর একদিন জীবনের প্রেমছবি আঁকতো,
এখন তারাও ভুলে গেছে আঁকার কৌশল। অতীতস্মৃতি
খসে পড়লে নক্ষত্রেরও কোনো সঞ্চয় থাকে না। এই সত্যটি
জানার পর পরিচিত নদীটিকে পোশাক পরাতে চাইছে
কিছু ভাটিয়াল মানুষ। ঢেউগুলো আবার শিখে নেবে
বিবিধ বাজনার ব্যাকরণ, আপাততঃ এটাই তাদের শেষ ভরসা।
 

বাক্স

আপানারা যারা প্রতিদিন বিভিন্ন স্যাটেলাইট আলোতে
টকশো করেন, তারা কী জানেন, প্রধানত
সূর্যই এদেশে এখন বুদ্ধিহীন! আর লুট করা টাকার
বাক্স হাতে কিছু লুটেরা, খেলে যাচ্ছে সর্প-বানর খেলা ।
 
রক্তচোষা বাদুড়ের মতো এই দেশের আকাশে ঝুলে
আছে যে রাজনীতির পর্দা, তার রং কালো কেন
তা জানতে আপনাদেরকে প্রশ্ন আমি আগেও করেছি।
আপনারা আমতা আমতা করতে করতে, সেসব
দুষ্ট নক্ষত্রের প্রতিই দেখিয়েছেন আপনাদের পক্ষপাত।
 
মাঝে মাঝে আপনাদের বাক্স থেকে অজগরের মতোই
লাফিয়ে পড়েছে সেইসব দলিল,
এক টাকা মূল্যে পাওয়া জমি-জিরেতের খতিয়ান।
এদেশের মানুষ দেখেছে, কীভাবে মৌলিক
সত্যকে অস্বীকার করেন কিছু রাজপোষ্য কবি !
 

আড্ডা

বৃষ্টির সাথে আড্ডা দিচ্ছে যে বেগুনি বিকেল, তার
গন্তব্য অনেক দূর।
ভুলের আইকনে জমা রাখা দুপুরগুলো, রাতের হাতে
তুলে দেবে বলে বৃষ্টিকে সেও ভালোবাসতো।
চাঁদের জামাবদল কালে, রাতকেও শুনিয়েছে সেই কাহিনী।
 
প্রেমের অনেক কাহিনী জলছাই আর ধৃতদুঃখের নিচে
চাপা পড়ে যায়।
কারো হাত কাটে, কারো পা
গালে হাত দিয়ে শহরের মানুষেরা দেখে
চিরদিনের মতোই হারিয়ে যাচ্ছে স্মৃতি
প্রেমের উত্তর-পূর্বাঞ্চল।

বাংলাদেশ সময় ২০১২, মে ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান