 |
বলিউডের ষাট ও সত্তর দশকের সুপারস্টার রাজেশ খান্না হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে কিছুই খেতে পারছেন না। রাজেশ খান্নার অসুস্থতার খবর পেয়ে স্ত্রী ডিম্পল কাপাডিয়া স্বামীর কাছে ছুটে আসেন। অসুস্থ স্বামীর পাশে বর্তমানে সার্বক্ষণিক অবস্থান করছেন ডিম্পল।
রাজেশ খান্নার ম্যানেজার অস্বীন ২০ জুন বুধবার তার অসুস্থতার খবর সবাইকে জানান। তিনি জানান, গত এপ্রিলে শারীরিক দুর্বলতার কারণে রাজেশ খান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। এরপর ভালোই ছিলেন। কিন্তু গত কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা আবারও খারাপের দিকে যেতে থাকে। গত ৩-৪ দিন কোনো ধরনের খাবার খেতে পারছেন না। বাসাতেই রাজেশ খান্নার চিকিৎসা চলছে। রাজেশ খান্নাকে হাসপাতালে কখন ভর্তি করা হবে সে বিষয়ে তিনি তেমন কিছুই জানাননি।
অস্বীন আরো জানান, ডিম্পল ম্যাডাম সবসময়ই রাজেশ খান্নার পাশে আছেন। বাবাকে দেখতে মেয়ে রিঙ্কি খান্নাও বুধবার সকালে মুম্বাই এসেছেন। বড় মেয়ে টুইঙ্কেল খান্না অন্তঃস্বত্তা হওয়ায় এখনও বাবারে পাশে পৌঁছাতে পারেননি।
কিংবদন্তী অভিনতা রাজেশ খান্নাকে বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে গণ্য করা হয়। বলিউডে ১৫০টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বলিউডে একচেটিয়া রাজত্ব করেছেন রাজেশ। ১৯৬৬ সালে ‘আখরি খাত’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করা এ অভিনেতা রাজ, দো রাস্তে, আরাধনাসহ অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।
বাংলাদেশ সময় ১২৫০, জুন ২১, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর