 |
ঢাকা: রোববার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা।
প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। চলবে বেলা ১টা পর্যন্ত। প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এক লাখ ১৬ হাজার ৪৬৫ জন কম।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭৩টি। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার, দাখিল পরীক্ষায় ২ লাখ ২৫ হাজার ও ভোকেশনাল পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩, যা গত বছরের চেয়ে কিছুটা বেড়েছে।
সকালের দিকে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস হাইস্কুলে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা; ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এমএন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর