 |
ঢাকা: ‘শেয়ালের খোয়াড়ে মুরগি ও বিড়ালের কাছে শুটকি নিরাপদ নয়’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সে নির্বাচনও নিরাপদ নয়।’
রোববার দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘আওয়ামী দু:শাসন ও মিথ্যাচারের কবলে বাংলাদেশের জনগণ’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ ঢাকা জেলার উদ্যোগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব অটিডোরিয়াম এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।
দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ ঢাকা জেলা সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
‘বিএনপি দশ আসনও পাবে কি না’ মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা সাম্প্রতিক সংশয়ের জবাবে গয়েশবর বলেন, ‘আপনাদের অধীনে বিএনপি যদি দশটি আসনও পায়, তাহলে সেটাও তো বেশি। কিন্তু তিনশ’ আসনই আওয়ামী লীগ ও মহাজোটের মধ্যে বিতরণ হবে।’
নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘জনগণ বুঝিয়ে দেবে কতো ধানে কতো চাল।’
‘আবুল হোসেনদের ক্লিন সার্টিফিকেট দিয়ে দুর্নীতি ঢেকে দুর্নীতি আরও বাড়ানো হচ্ছে’ বলেও অভিযোগ করেন গয়েশ্বর।
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, ‘সুরঞ্জিতের দুর্নীতি ঢাকতে ইলিয়াসকে গুম করা হয়েছে বলে বিশ্বাস করি না। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আতঙ্ক ছড়াতে, গণতন্ত্র নিশ্চিহ্ন করতে। কিন্তু কাউকে গুম বা খুন করার অধিকার সরকারের নেই।’
গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের এখনকার লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য, বাঁচার লড়াই, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াই। দুর্নীতির বিরুদ্ধে জয়ী হওয়ার লড়াই।’
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর