 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: অনেক নাটকের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা মাঠে গড়াচ্ছে। একদিন আগেও যে দাবিতে লিগ বয়কটের হুমকি দিয়েছিলো ভিক্টোরিয়া তারাও খেলার জন্য তৈরি।
পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের পরিবর্তে আরেকজন বিদেশি নিবন্ধনের সুযোগ চেয়ে সিসিডিএমের কাছে আবেদন করে ভিক্টোরিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’কেও ওই দাবিতে চিঠি দেয়। কিন্তু বাকি পাঁচ ক্লাব তাদের দাবির প্রতি সমর্থন না দেওয়ায় ভিক্টোরিয়াকে আগের সিদ্ধান্তই মেনে নিতে হয়।
ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের দাবির বিষয়ে বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘যেদিন ছয় ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সভা হয় তখন তারা কেন দাবিটা তুলেনি। সেদিন যে সিদ্ধান্ত হয়েছে তা মেনে ভিক্টোরিয়াকে খেলতে হবে। যেহেতু বাকি ছয় দল তাদের এই দাবির বিপক্ষে তাই আমরা ইউসুফের বিকল্প আরেকজনকে নিবন্ধনের অনুমতি দিতে পারি না।’
ভিক্টোরিয়ার পুলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ফিরে পাচ্ছে লিগ ম্যাচে। বৃহস্পতিবার আবাহনীর বিপক্ষে তাদের এই দুই ক্রিকেটার খেলবে। বিসিবি সভাপতি জানান, তামিম ও সাকিবকে যাতে পায় সে জন্য ৩১ মে থেকে লিগের খেলা পুনরায় শুরুর সময় নির্ধারণ করেছেন তিনি। তারপরেও ইউসুফের বিতর্কিত নিবন্ধন নিয়ে এখন ফায়দা নেওয়ার চেষ্টা করে ভিক্টোরিয়া।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টা থেকে আবাহনী ও ভিক্টোরিয়ার মধ্যকার খেলাটি হবে। আবাহনী শিরোপা দৌড়ে না থাকলেও তিন বিদেশি পুনিত সিং, কান্দামি এবং উদাত্তকে নিয়ে মাঠে নামবে। তাদের তারকা ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাইকে খেলবে। তবে স্পিনার অপু হাতে চোট পেয়েছেন। আবুল হাসান রাজু এবং কামরুল ইসলাম রাব্বি পানিশূন্যতায় ভুগছেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার মামুন।
এদিকে ভিক্টোরিয়া ভারতের ইকবাল আব্দুল্লাকে নিবন্ধন করিয়েছে বুধবার। ভারত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার লক্ষ্মী শুক্লাকে নিয়ে এলেও কোটা শেষ হয়ে যাওয়ায় তার নিবন্ধন হয়নি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর